অভিযুক্ত শিক্ষকের বিচার না হওয়ায় গ্রামবাসী স্কুলে তালা লাগিয়ে দিয়েছে। অপরদিকে ওই শিক্ষককে অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। এদিকে এলাকার লোকজন তাদের সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছে।
ঘটনাটি ঘটেছে পূর্ব ধুতিচোরা রেজি: প্রাথমিক বিদ্যালয়ে। অভিযোগ রয়েছে, ওই বিদ্যালয়ের শিক্ষক মাহবুবুর রহমান ছলে বলে কৌশলে ছাত্রীদের ডেকে নিয়ে স্পর্শকাতর স্থানে হাত দেন। কয়েকবার এ ধরনের ঘটনার পর বিদ্যালয়ে সালিশ-বৈঠকও হয়। সেখানে তাকে কান ধরে তওবা পড়ানো হয়। কিন্তু তারপরও স্কুলের ২য় ও ৪র্থ শ্রেণীর আরও তিন ছাত্রীর বুকে হাত দেন। এ কথা জানাজানি হলে তিনি আবার গ্রামবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু তারপরও সতর্ক হননি। গত শনিবার বিদ্যালয়ের ২য় শ্রেণীর এক ছাত্রীকে ক্লাসে তার কাছে খাতা জমা দিতে যান। ২ জন ছাত্রীর সামনে আবারও শিক্ষক মাহবুবুর রহমান ছাত্রীর বুকে ও স্পর্শকাতর স্থানে এবং শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে গালে চুমু দেয়ার চেষ্টা করেন। ভয়ে চিৎকার দিয়ে শিশুটি বের হয়ে আসে ক্লাস থেকে। তারপর দৌড়ে বাড়ি গিয়ে বিষয়টি তার পিতা ও গ্রামবাসীকে বলে। পরপর কয়েক দফা ক্ষমা করার পরও শিক্ষক মাহবুবুর রহমানে এ ঘটনা শুনে গ্রামবাসী স্কুল ঘেরাও করেন। ততক্ষণে ওই শিক্ষক পালিয়ে যান। এদিকে বিক্ষুব্ধ গ্রামবাসী ওই স্কুলে তালা লাগিয়ে দিয়েছে। গ্রামবাসীরা বলেন, অভিযুক্ত শিক্ষককে স্কুল থেকে বিদায় না করলে আমাদের গ্রামের কোন ছেলেমেয়েকে স্কুলে যেতে দেবো না। ওই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী গতকাল বিদ্যালয় চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারণ দাবি করেন। এ ব্যাপারে ছাত্রীটির পিতা লিখিত অভিযোগ জানানোর পরও কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চালায়। বিক্ষোভের খবর পেয়ে সদর উপজেলা শিক্ষা অফিসার আবদুল জব্বার বিদ্যালয় চত্বরে যান।
বিদ্যালয়ের অভিভাবক মো. চান মিয়া জানান, এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির একাধিক অভিযোগ রয়েছে। এবার তাকে বরখাস্ত করা না হলে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয়া হবে। গিদারি ইউপি চেয়ারম্যান গোলাম সাদেক লেবু বলেন, শুধু বরখাস্ত নয়, তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় শাস্তির ব্যবস্থা করতে হবে। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার বলেন, অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই ঘটনার পর শিক্ষক মাহবুবুর রহমান মঞ্জু গা-ঢাকা দিয়েছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন